জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্য অটুট রাখার আহ্বান হেফাজতে ইসলামের
সিভয়েস২৪ প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানকে জাতির ঐক্যের প্রতীক উল্লেখ করে সেই ঐক্য বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটি শাপলা চত্বরের ঘটনায় নিহতদের বিচার, আহতদের পুনর্বাসন এবং হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত খতমে কোরআন, সমাবেশ ও র্যালিতে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। কর্মসূচির আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকেই নিহত ও আহত হয়েছেন। তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতীক। এ ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব ও জামিয়া দারুল মারিফের মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী। সঞ্চালনা করেন মহানগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিল।
এতে বক্তব্য দেন মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা ফায়সাল তাজ, মাওলানা কামরুল ইসলাম, মুফতি মঞ্জুর সিদ্দিক, কারী ইদ্রিস, মাওলানা মুসা, মাওলানা নুরুন্নবী, মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা কুতুবুদ্দিন ও মাওলানা আব্দুল্লাহ আল নোমানসহ অন্য নেতারা। পরে একটি র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রাজনীতি সব খবর















