Cvoice24.com

১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

সিভয়েস২৪ ডেস্ক
১৭:১২, ২৫ জুলাই ২০২৬
১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দলের কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন থেকে জোটের কোনো কর্মসূচিতে অংশ নেবে না দলটি।

বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত নির্বাচনি সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়ে সেই ঐক্যের কার্যকারিতা বাস্তবে শেষ হয়ে গেছে। এরপরও কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিলেও এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর কোনো রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে সে বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় দল ও তাদের নেতাদের নাম ব্যবহার না করার জন্য।

শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ৯টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিশে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। অধিবেশন পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সভায় দলের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজনীতি সব খবর