নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি, আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে উপজেলার শশী কমিউনিটি সেন্টারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালায় আনোয়ারা থানা পুলিশ। একই সঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বাড়ানো হয়েছে টহল। বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি চালাতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এ বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘গতকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনকে ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।’
রাজনীতি সব খবর














