মাদকবিরোধী দিবসে মিরসরাইয়ে শিবিরের সাইকেল র্যালি
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে সাইকেল র্যালি ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। র্যালি থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ এবং মাদকের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
শুক্রবার (২৬ জুন) বিকেলে বড়তাকিয়া গোলচত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মিরসরাই মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মাঈন উদ্দিন রায়হান, সেক্রেটারি বাহাউদ্দিন এবং মিরসরাই উত্তর শাখার সভাপতি সাকিব হোসাইন।
বক্তারা বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাদের দাবি, মিরসরাইয়ে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং মাদকের অর্থের প্রভাবে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
তারা আরও বলেন, শুধু খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালালে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের মূল ব্যবসায়ী, সরবরাহকারী চক্র এবং সীমান্তপথে মাদক প্রবেশের উৎস বন্ধে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ থেকে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণাও দেওয়া হয়।
রাজনীতি সব খবর














