সুজাউদ্দীন ইস্যুতে মহানগর এনসিপির আহ্বায়ক-সদস্যসচিবকে শোকজ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় প্রকাশ্যে পক্ষাবলম্বনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব ও সদস্যসচিব আরিফ মুঈনুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
শনিবার (২০ জুন) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে পৃথক দুটি নোটিশ জারি করা হয়। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পদ ও চাকরির আশ্বাসে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপির ২ নেতার বিরুদ্ধে জিডি কর্মীর
নোটিশে বলা হয়েছে, গত ১৮ জুন এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে উত্থাপিত হয়। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়। অভিযোগটি এখনও তদন্তাধীন রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাডে প্রকাশিত একটি প্রেস রিলিজের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের আগেই সরাসরি পক্ষাবলম্বনের অভিযোগ আনা হয়েছে মীর মোহাম্মদ শোয়াইবের বিরুদ্ধে।
অন্যদিকে আরিফ মুঈনুদ্দিনের বিরুদ্ধে একই প্রেস রিলিজের পাশাপাশি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পক্ষাবলম্বন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকারীকে ‘অত্যন্ত হীন ভাষায়’ আক্রমণের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃত্বের ভাষ্য, এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থি। তাই তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত নোটিশ দুটির অনুলিপি দলের আহ্বায়ক, সদস্যসচিব এবং কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছেও পাঠানো হয়েছে।
রাজনীতি সব খবর














