মিরসরাইয়ে কৃষকদল সম্মেলন, নেতৃত্বে আশরাফ-ফারুক
‘বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে সরকারই নিশ্চিহ্ন হয়েছে’
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
শনিবার (১৩ জুন) চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।
সকাল ১০টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। পরে বেলা ১টা থেকে মূল পর্বে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
হাসান জাফির তুহিন বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের জনগণ নানা ধরনের স্বপ্ন দেখলেও তা পূরণ হয়নি। তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ তুলে দাবি করেন, তখন ঢাকার রাস্তায় মানুষ ও পশুপাখির খাবারের জন্য সংগ্রাম চলেছে। তার ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং খাদ্য রপ্তানিতে শীর্ষ অবস্থানে পৌঁছেছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ পরিবর্তনের সূচনা হয় এবং তার নেতৃত্বকে তিনি ‘জাদুকরী’ বলে উল্লেখ করেন।
আলোচনায় তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা কৃষকদলের আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলম বদরুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিম উদ্দিন শাহী।
উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং কৃষকদলের নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম বলেন, ‘মিরসরাইয়ের কৃষকদলের ইতিহাসে এমন স্বচ্ছ ও উৎসবমুখর কাউন্সিল আগে হয়নি।’
তিনি জানান, ৯১০ জন ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষে সভাপতি নির্বাচিত হন আশরাফ উদ্দিন (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইফুল ইসলাম ফারুক (চেয়ার প্রতীক)।
রাজনীতি সব খবর














