Cvoice24.com

প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমে জনগণকে আস্থা দিচ্ছে সরকার : মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৪৮, ২৩ জুন ২০২৬
প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমে জনগণকে আস্থা দিচ্ছে সরকার : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি শুধু প্রতিশ্রুতি দেন না, সেগুলোর বাস্তবায়নও করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছেন। সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে, জনগণের কল্যাণে কার্যকর কোনো কাজ হয়নি।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সহায়তা কর্মসূচির উদ্বোধন এবং উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারীর বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। একই অনুষ্ঠানে হালদা নদীর নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন, কৃষি বিভাগের আমন প্রণোদনা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে বেলা দেড়টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

রাজনীতি সব খবর