Cvoice24.com

ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু 

সিভয়েস২৪ ডেস্ক
১৬:১৭, ২৫ জুলাই ২০২৬
ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু 

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহ-সভাপতি মাঈন আহমেদ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঈন আহমেদ ও মেঘমল্লার বসুর দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি হতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।

ছাত্র ইউনিয়ন জানায়, তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। 

সংগঠনটি আরও জানায়, আদর্শিক অবস্থান ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞপ্তিতে বিদায়ী নেতাদের সাংগঠনিক অবদানের প্রশংসা করে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করা হয়। পাশাপাশি শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গঠনের আন্দোলনে আগের মতোই অঙ্গীকারবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করে ছাত্র ইউনিয়ন।

এদিকে পদত্যাগের বিষয়ে যোগাযোগ করা হলে মেঘমল্লার বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি সঠিক।’

রাজনীতি সব খবর