রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়লো ৩০ বসতি
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০টি বসতিঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ক্যাম্প-৫–এর ই–৫ ব্লকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ভোররাতে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, ‘আগুনে প্রায় ৩০টি বসতিঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
কক্সবাজার সব খবর















