রামুতে দেড় লাখ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামু থানার বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হারুন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মো. হারুন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি নম্বরবিহীন পিকআপযোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা-রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করা হচ্ছে। পরে সকাল সাড়ে ৭টার দিকে শিকলঘাটা ব্রিজের দক্ষিণ পাশে মরিচ্যা-রামু পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।
সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে একটি নম্বরবিহীন পিকআপ চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়। তবে চালক সংকেত অমান্য করে ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। পরে ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটি থামলে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মো. হারুন নামে এক ব্যক্তিকে একটি সাদা বস্তাসহ আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট থেকে প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত নম্বরবিহীন পিকআপটিও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
কক্সবাজার সব খবর















