নাফ নদী থেকে ফের ট্রলারসহ ৫ জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদীর শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উপকূলীয় জনপদে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আটক জেলেরা হলেন—শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।
ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিন দ্বীপের অদূরে মাছ ধরা শেষে তার মালিকানাধীন ট্রলারটি পাঁচ জেলেসহ ঘাটে ফিরছিল। তবে রাত বেশি হওয়ায় শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় তারা ট্রলার নোঙর করে বিশ্রাম নেন। এ সময় হঠাৎ স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সদস্যরা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ মিয়ানমারের জলসীমার দিকে নিয়ে যায়।
স্থানীয় জেলেরা জানান, সীমান্তবর্তী নাফ নদী ও মোহনায় মাছ ধরতে গিয়ে জেলেরা প্রায়ই ঝুঁকির মুখে পড়ে। কখনো গুলি বর্ষণ, কখনো আটক বা অপহরণের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে রাখাইন অঞ্চলে সংঘাত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জেলেদের পরিবার জানায়, অধিকাংশ জেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম জোনের লেফটেন্যান্ট কমান্ডার আকিব বলেন, ‘বিষয়টি তাদের জানা আছে, এবং বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে সমন্বয় করে দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রশাসন জেলেদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করেছে।
কক্সবাজার সব খবর















