রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দুর্ঘটনায় মেসুত ওজিলের গাড়িবহর
কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল–এর গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।
উখিয়া শাহপরীর দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়িবহরে ভিআইপি প্রোটোকল ভেঙে একটি অটোরিকশা ঢুকে পড়ে। এ সময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজে ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে তাদের নেতৃত্বে একটি তুর্কি প্রতিনিধিদল রোহিঙ্গা শরণার্থী আশ্রয়শিবির পরিদর্শন করে।
প্রতিনিধিদলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)–এর সভাপতি আব্দুল্লাহ এরেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
এক মতবিনিময় সভায় বিলাল এরদোয়ান বলেন, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গারা মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত। ভবিষ্যতে নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরে যেতে হলে এখন থেকেই তাদের শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন জরুরি। তিনি আরও বলেন, বৈশ্বিক সহায়তা কমে যাওয়ায় এ সংকট নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা প্রয়োজন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, তুর্কি সংস্কৃতি অনুযায়ী রমজানের প্রথম ইফতার পরিবারের সঙ্গে করার প্রচলন রয়েছে। রোহিঙ্গাদের পরিবারের সদস্য মনে করে তাদের সঙ্গে ইফতার করেন ওজিল ও বিলাল এরদোয়ান।
তিনি বলেন, গত আট বছর ধরে রোহিঙ্গারা প্রত্যাবাসনের অপেক্ষায় থাকলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। ফলে নানা দুর্ভোগ তৈরি হয়েছে। তুর্কি প্রতিনিধিদল বিশ্ববাসীকে রোহিঙ্গা সংকট ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে।
প্রতিনিধিদল টিকা পরিচালিত মাল্টিপারপাস এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার, তুর্কি ফিল্ড হাসপাতাল, টিকা মিউজিক স্টুডিও এবং কম্পিউটার ও রোবোটিক্স ল্যাব উদ্বোধন করে। তারা শরণার্থীদের বসবাসের পরিবেশ, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন।
বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প মাঠে প্রতীকী প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন মেসুত ওজিল।
সফর শেষে প্রতিনিধিদল ঢাকায় ফিরে কূটনীতিকদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
কক্সবাজার সব খবর















