Cvoice24.com

অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন’: শিক্ষামন্ত্রী

সিভয়েস২৪ ডেস্ক
১৪:০৬, ৯ জুন ২০২৬
অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন’: শিক্ষামন্ত্রী

অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়া হচ্ছে—এ ধরনের খবরকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। বরং চাহিদা অনুযায়ী অনার্স পর্যায়ে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলছে।

তিনি আরও জানান, মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্প নিয়েও একনেক সভায় আলোচনা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়া হতে পারে। তবে মন্ত্রণালয় সে তথ্যকে গুজব হিসেবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে সচিবালয়ে পৃথক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ থাকবে। তবে সব প্রতিষ্ঠানে তা বাধ্যতামূলক থাকবে কি না—সে বিষয়ে আলোচনা চলছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

শিক্ষা সব খবর