Cvoice24.com

এইচএসসি পরীক্ষা
বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৩৯০ পরীক্ষার্থী

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:৩৬, ২ জুলাই ২০২৬
বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৩৯০ পরীক্ষার্থী

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলায় মোট ১ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে সব ১১৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দৈনিক পরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের অধীনে মোট ৭৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭২ হাজার ৫২৩ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৯০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৮৯ শতাংশ।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৯১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলায়। কক্সবাজারে ২০৯ জন, রাঙ্গামাটিতে ৮৫ জন, বান্দরবানে ৭৫ জন এবং খাগড়াছড়িতে ৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কোনো জেলায় বহিষ্কারের ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে কোনো বহিঃস্থ পরিদর্শক নিয়োগ করা হয়নি এবং সব কেন্দ্রের সার্বিক অবস্থা ‘ভালো’ বলে মূল্যায়ন করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ বলেন, ‘আমাদের বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার মোট ১১৪টি কেন্দ্রে সুষ্ঠু ও সফলভাবে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

শিক্ষা সব খবর