Cvoice24.com

মাধ্যমিকের শিক্ষকের জন্য জরুরি নির্দেশনা মাউশির 

সিভয়েস২৪ ডেস্ক
১০:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষকের জন্য জরুরি নির্দেশনা মাউশির 

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে সনদ ডাউনলোড করতে হবে শিক্ষকদের।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে হবে। শিক্ষকদের নিজ নিজ পিডিএস পরিচিতি ব্যবহার করে মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন বা প্রবেশ করতে হবে।

প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার জন্য নির্ধারিত লিংক: https://itlms.naem.gov.bd/my/scorm-courses

ইউনিসেফের কারিগরি সহায়তায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।

কোর্সে মোট ছয়টি পাঠ রয়েছে। এর মধ্যে ষষ্ঠ পাঠে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রম শেষে এর ছবি বা ভিডিও নির্ধারিত মাধ্যমে জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।

ছয়টি পাঠ ও নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষকরা অনলাইন থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষককে প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা সব খবর