Cvoice24.com

চট্টগ্রাম-রাঙ্গামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

সিভয়েস২৪ প্রতিবেদক
২৩:২৭, ৭ জুলাই ২০২৬
চট্টগ্রাম-রাঙ্গামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

এর আগে, টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় জনজীবন ব্যাহত হওয়ায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা সব খবর