এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
সিভয়েস২৪ ডেস্ক
দেশে প্রথমবারের মতো এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য বদলির ব্যবস্থা চালু করেছে সরকার। এখন থেকে শূন্য পদ থাকলে একজন শিক্ষক একই পদে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন।
এ লক্ষ্যে সরকার ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করেছে। এই নীতিমালা দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রযোজ্য হবে।
নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা অনলাইনে প্রকাশ করবে। এরপর শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। প্রতি বছর সরকারি প্রজ্ঞাপনে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন, বদলির আদেশ এবং নতুন কর্মস্থলে যোগদানের সব কার্যক্রম সম্পন্ন হবে।
কারা আবেদন করতে পারবেন?
প্রথম নিয়োগের পর টানা দুই বছর চাকরি সম্পন্ন করলে একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। আবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর পুনরায় আবেদন করতে চাইলে সেখানে অন্তত দুই বছর চাকরি করতে হবে। একজন শিক্ষক চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।
কোথায় বদলির আবেদন করা যাবে?
প্রথমে নিজ জেলার শূন্য পদের জন্য আবেদন করা যাবে। নিজ জেলায় পদ খালি না থাকলে একই বিভাগের অন্য জেলার শূন্য পদের জন্য আবেদন করা যাবে। এছাড়া বিশেষ ক্ষেত্রে দেশের যেকোনো জেলা অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থল-সংক্রান্ত জেলায়ও বদলির আবেদন করা যাবে।
একাধিক আবেদন হলে কীভাবে নির্বাচন হবে?
একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন জমা পড়লে নারী প্রার্থী, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হবে।
প্রতিষ্ঠানের জন্য কী নিয়ম থাকবে?
একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তবে একই বিষয়ের একজনের বেশি শিক্ষক বদলি হতে পারবেন না। একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি পছন্দের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন।
বদলির পর কী সুবিধা থাকবে?
বদলি হলেও শিক্ষকের এমপিও, আর্থিক সুবিধা এবং চাকরির জ্যেষ্ঠতার ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। তবে বদলিকে কোনো শিক্ষক অধিকার হিসেবে দাবি করতে পারবেন না। এছাড়া বদলির জন্য টিএ-ডিএ ভাতা দেওয়া হবে না।
বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে বর্তমান প্রতিষ্ঠানপ্রধান শিক্ষককে অবমুক্ত করবেন। এরপর অবমুক্তির পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
কারা আবেদন করতে পারবেন না?
যেসব শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ রয়েছে বা ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।
মাউশির এক কর্মকর্তা জানান, যতগুলো শূন্য পদ থাকবে, ততজন শিক্ষক বদলির সুযোগ পেতে পারেন। তবে আবেদন অবশ্যই নীতিমালায় নির্ধারিত এলাকা ও শর্ত অনুযায়ী করতে হবে।
শিক্ষা সব খবর















