Cvoice24.com

অফিসিয়াল ই-মেইল ছাড়া আবেদন গ্রহণ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়

সিভয়েস২৪ ডেস্ক
১০:৫২, ৭ জুলাই ২০২৬
অফিসিয়াল ই-মেইল ছাড়া আবেদন গ্রহণ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ই-মেইল যোগাযোগে নতুন করে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের দাপ্তরিক যোগাযোগে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল ঠিকানা থেকে পাঠানো আবেদন, তথ্য কিংবা চিঠিপত্র গ্রহণ করা হবে না।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একই বিষয়ে ২০২৫ সালের ২৮ জুলাইও নির্দেশনা দেওয়া হয়েছিল। তাতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ই-মেইল পাঠানোর ক্ষেত্রে কলেজের জন্য বরাদ্দকৃত অফিসিয়াল ই-মেইল আইডি ব্যবহার বাধ্যতামূলক।

তবে নির্দেশনা জারির পরও অনেক কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এখনো ব্যক্তিগত বা বিকল্প ই-মেইল আইডি ব্যবহার করে আবেদন ও প্রয়োজনীয় তথ্য পাঠাচ্ছে। এর ফলে দাপ্তরিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে এবং আবেদন অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করতেও জটিলতা তৈরি হচ্ছে। এতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ কারণে কলেজ পরিদর্শন দপ্তরের নির্ধারিত ই-মেইল (college.inspection@nu.ac.bd) ঠিকানায় আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। 

অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন বা তথ্য ভবিষ্যতে গ্রহণ করা হবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা সব খবর