Cvoice24.com

অনুমোদন ছাড়াই রিফাইনারি স্থাপনের চেষ্টা, প্রতিরোধের হুঁশিয়ারি সিবিএর

সিভয়েস২৪ প্রতিবেদক
২৩:৫১, ২৪ আগস্ট ২০২৬
অনুমোদন ছাড়াই রিফাইনারি স্থাপনের চেষ্টা, প্রতিরোধের হুঁশিয়ারি সিবিএর

সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি স্থাপনের চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) কার্যকরী পরিষদ। একই সঙ্গে বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি ও বিপণনের খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশেরও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন সংগঠনের নেতারা।

সভায় বলা হয়, ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর আওতায় সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণনের ক্ষেত্রে জ্বালানি বিভাগ থেকে কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

তবে চূড়ান্ত অনুমোদন না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি রিফাইনারি স্থাপন ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির চেষ্টা করছে বলে অভিযোগ করেন সিবিএ নেতারা। এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও জ্বালানি বিভাগের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ জানান তারা।

সিবিএ সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বেসরকারিভাবে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের এই প্রস্তাব দেশের জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে লুকিয়ে থাকা আগের সরকারের কোনো মহলের পাঁয়তারায় গুরুত্বপূর্ণ এই খাতকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে জিম্মি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হলে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) ও বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃত্বে কঠিন আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

সিবিএর সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বলেন, বিপিসি ও এর আওতাধীন সব প্রতিষ্ঠান লাভজনক হওয়া সত্ত্বেও বেসরকারিভাবে জ্বালানি তেল আমদানি, পরিশোধন, বিতরণ ও বিপণনের সিদ্ধান্ত এই খাতের জন্য অশনিসংকেত।

তিনি বলেন, একনেক-অনুমোদিত ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে দেশের জ্বালানি চাহিদার শতভাগ সরকারি ব্যবস্থাপনায় বিপিসির মাধ্যমে পূরণের সক্ষমতা বহুগুণে বাড়বে।

আবদুর রহমান আরও জানান, আগামী মাসেই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে সরকারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট প্রকল্প বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

তিনি বলেন, দ্বিতীয় ইউনিট বাস্তবায়নের এই সময়ে অনুমোদন না থাকা সত্ত্বেও কোনো বেসরকারি প্রতিষ্ঠান রিফাইনারি স্থাপন এবং অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ও পরিশোধনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।

দেশের গুরুত্বপূর্ণ এই খাতে নতুন জটিলতা এড়িয়ে জ্বালানি নিরাপত্তার স্বার্থে বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানে সরকার ও জ্বালানি বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন ইস্টার্ন রিফাইনারি সিবিএর কার্যকরী সভাপতি নুরুস সালাম, সিনিয়র সহসভাপতি প্রকাশ রায়, সহসভাপতি মোহাম্মদ শোয়াইব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কাসরুল আহসানসহ অন্যান্য সিবিএ নেতৃবৃন্দ।