Cvoice24.com

বিলাসী জীবনের দরজা খুললো বিশ্বসুন্দরী ফাতিমার

বিনোদন ডেস্ক
১০:৫৬, ২২ নভেম্বর ২০২৫
বিলাসী জীবনের দরজা খুললো বিশ্বসুন্দরী ফাতিমার

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে বিশ্বসুন্দরীর মুকুট জিতে নিলেন মেক্সিকোর ফাতিমা বশ। শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এই মহাযজ্ঞে ১২২ দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে ২৬ বছর বয়সী ফাতিমা শিরোপা অর্জন করেন। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো মিস ইউনিভার্স খেতাব জয় করল মেক্সিকো।

শুধু মুকুটই নয়, নতুন বিশ্বসুন্দরীর প্রাপ্তির তালিকাও ব্যাপক। পাঁচ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের রাজকীয় মুকুট ছাড়াও ফাতিমার জন্য অপেক্ষা করছে কোটি কোটি টাকার পুরস্কার, সুবিধা এবং এক বিলাসী ভবিষ্যৎ।

অভ্যন্তরীণ সূত্রগুলো জানায়, মিস ইউনিভার্স অর্গানাইজেশন  এবারও গত বছরের মতো প্রায় একই ধরনের প্রাইজ প্যাকেজ দিচ্ছে। ধারণা করা হচ্ছে, আড়াই লক্ষ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৭ লাখ টাকার বেশি) এককালীন পুরস্কার হিসেবে পাবেন ফাতিমা। তার সঙ্গে যোগ হবে প্রতি মাসে প্রায় ৫০,000 ডলার বা ৫৫ লাখ টাকার বেশি মাসিক বেতন। 

প্রতিযোগিতা জয়ের পর বিজয়ীর বিশ্বব্যাপী ভ্রমণ, ফ্যাশন-সাজসজ্জা, মিডিয়া সাক্ষাৎকার এবং নানা প্রজেক্টের জন্য আলাদা বাজেট বরাদ্দ থাকে—যা সম্পূর্ণ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

এবারের মুকুটটিও আলাদা আকর্ষণ। পাঁচ মিলিয়ন ডলারের বেশি দামের এই দুর্লভ ও ব্যয়বহুল মুকুট বিশ্বের অন্যতম মহামূল্যবান সৌন্দর্য অলংকার হিসেবে পরিচিত।

কেবল মুকুট নয়, বিশ্বসুন্দরী ফাতিমার সামনে খুলে যাচ্ছে বিলাসবহুল সুযোগের দরজা— নিউইয়র্ক সিটিতে সম্পূর্ণ খরচ বহন করা আবাসন, ব্যক্তিগত চালকসহ ভ্রমণের সুবিধা, সার্বক্ষণিক গ্ল্যাম স্কোয়াড ও সুস্থতা দল, বিশ্বব্যাপী পাঁচ-তারা হোটেলে থাকার সুযোগ, আন্তর্জাতিক রেড কার্পেট, গালা ইভেন্টে উপস্থিতি, বড় ব্র্যান্ডের সাথে এন্ডোর্সমেন্ট এবং বৈশ্বিক দাতব্য সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ।

সব মিলিয়ে মিস ইউনিভার্স শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়—এটি বিজয়ীর জন্য এক বিলাসী, সম্মানজনক ও প্রভাবশালী জীবনের দরজা খুলে দেয়।