জমিজমা নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় চিত্রনায়িকা পপি
বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পারিবারিক সম্পত্তি ও জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রায় এক বছর ধরে নানা ধরনের হুমকির মুখে আছেন বলে অভিযোগ তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেন, পারিবারিক একটি জমি কেন্দ্র করে তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুর খবর পাওয়ার পরও তিনি খুলনায় যেতে পারেননি।
পপির ভাষায়, ‘তারেক আমাকে ফোন করে জানায়, খুলনায় গেলে আমাকে মারার চেষ্টা করা হবে। ভয়েই যেতে পারিনি।’
২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে যে জমি তিনি কিনেছিলেন, সেটি বর্তমানে চাচাতো বোন মুক্তা ও তারেক দখল করে রেখেছেন বলে দাবি অভিনেত্রীর। জমি ব্যবহার করতে গেলেই নানা ধরনের বাধা ও হুমকির মুখে পড়তে হচ্ছে—এমন অভিযোগও করেন তিনি।
অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করা হয়েছিল বলে জানান পপি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করার আহ্বান জানিয়েছেন প্রশাসনের প্রতি।
অভিযুক্ত তারেক আহমেদ চৌধুরী অবশ্য পপির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তার কথায়, তিনি কাউকে হুমকি দেননি।
পপিকে ঘিরে পারিবারিক বিরোধ নতুন কিছু নয়। চলতি বছরের জুলাইয়ে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন। আবার ফেব্রুয়ারিতে পপির বিরুদ্ধেও জমি দখলচেষ্টার অভিযোগ উঠে—বোন ফিরোজা পারভীন সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন।
এসব বিতর্কের মধ্যেই পপি জানিয়েছেন, আপাতত নতুন কোনো সিনেমায় অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই কম।
বিনোদন সব খবর















