মারা গেলেন বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র
বিনোদন ডেস্ক
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের শেষের দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগে হাসপাতাল থেকে তিনি ছাড়া পেয়েছিলেন। তবে সোমবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ধর্মেন্দ্রর জুহুর বাসভবনের সামনে সকালেই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে উপস্থিত হয়েছেন তারকা সালমান খান, শাহরুখ খানসহ অনেকেই। মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানেও উপস্থিত ছিলেন হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল এবং অমিতাভ–অভিষেক বচ্চন।
কিন্তু ধর্মেন্দ্রের পরিবার এখনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দেননি। তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কয়েকদিন আগে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার কারণে এবার গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
ধর্মেন্দ্রের বলিউড যাত্রা শুরু হয় ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘শোলে’, ‘ধরম-বীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাও মেরা দেশ’ এবং ‘ড্রিম গার্ল’-এর মতো কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন। অ্যাকশন এবং রোম্যান্টিক হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ধর্মেন্দ্রকে ভক্তরা ‘হি-ম্যান’ হিসেবে ডাকতেন।
বিনোদন সব খবর















