‘আল্লাহর সন্তুষ্টির জন্যই মাথা মুণ্ডন করেছি’
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান জীবনের প্রথম ওমরাহ পালন করেছেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে স্টেজ শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত থাকার মধ্যেও তিনি সময় বের করে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনে যান।
সোমবার (৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ১০ দিনের সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি। মক্কায় পৌঁছে আনুষ্ঠানিকভাবে ওমরাহ সম্পন্ন করার পর সেই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নায়ক।
ওমরাহ শেষে অনুভূতি জানিয়ে জায়েদ খান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম ওমরাহ সুন্দরভাবে শেষ করেছি। এটি আমার জীবনের সবচেয়ে শান্তি ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোর একটি। আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, সুন্দর রাখুন।’
ধর্মীয় বিধান অনুসারে ওমরাহ পালন শেষে তিনি মাথা মুণ্ডন করেছেন। চুল নিয়ে তার ব্যক্তিগত আগ্রহের কথা ভক্তদের অনেকেই জানেন। সে প্রসঙ্গেই তিনি বলেন, ‘আমি চুল খুব ভালোবাসি। সব সময়ই চুল নিয়ে সচেতন থাকি। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই মাথা মুণ্ডন করেছি। শেষবার চুল পুরোপুরি কাটিয়েছিলাম প্রায় ৩০ বছর আগে। যদিও ক্ষত সিনেমার চরিত্রের জন্য একবার চুলে ডিজাইন করেছিলাম।’
এই আধ্যাত্মিক যাত্রা তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে বলেও জানান এ নায়ক। তার ভাষায়,
‘ওমরাহ পালন আমার জীবনে এক ধরনের পরিবর্তন এনে দিয়েছে। নিজেকে আরও শান্ত, দায়িত্বশীল ও আত্মিকভাবে দৃঢ় মনে হচ্ছে।’
ভক্তদের জন্য দোয়া চেয়ে জায়েদ খান আরও জানিয়েছেন, ভবিষ্যতে ভালো কাজের মাধ্যমে দর্শক–ভক্তদের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তিনি।
বিনোদন সব খবর















