সাতকানিয়ায় পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
নিউজ ডেস্ক, সিভয়েস২৪
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৫০) ও সাখাওয়াত (৫৫)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকেরা পিকনিকে অংশ নিতে বাসে করে কক্সবাজার যাচ্ছিলেন। পথে আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহত দুজনের মরদেহও উদ্ধার করে পুলিশ।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














