গ্রোক ৪.১ নিয়ে নতুন বিতর্ক: প্রায় সব ক্ষেত্রেই ইলন মাস্ককে ‘সেরা’ বলছে এআই
সিভয়েস২৪ ডেস্ক
ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও সমালোচনার মুখে। নতুন সংস্করণ গ্রোক ৪.১ প্রকাশের পর থেকে এক্স–এ ছড়িয়ে পড়েছে বিচিত্র সব উত্তরের স্ক্রিনশট, যেখানে দেখা যাচ্ছে— ফুটবল, ফ্যাশন, চিত্রকলা কিংবা বেসবল— প্রায় সব ক্ষেত্রেই গ্রোক ‘সেরা’ হিসেবে ইলন মাস্কের নাম বলছে।
বিতর্ক শুরু হয় এক ব্যবহারকারীর প্রশ্ন থেকে। তিনি জানতে চান— ১৯৯৮ সালের এনএফএল ড্রাফটে পেইটন ম্যানিং, রায়ান লিফ বা ইলন মাস্ক— কাকে কোয়ার্টারব্যাক নেওয়া উচিত? গ্রোকের দৃঢ় উত্তর:
‘ইলন মাস্ক, কোনও দ্বিধা ছাড়াই।’
চ্যাটবটের ব্যাখ্যায় বলা হয়— মাস্ক নাকি কোয়ার্টারব্যাকিংকে ‘নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারতেন’, যেমনভাবে তিনি মহাকাশযান ও বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি বদলে দিয়েছেন।
এ নিয়ে সমালোচনা বাড়লে এক্স–এ সরাসরি প্রতিক্রিয়া জানান মাস্ক। তিনি বলেন, গ্রোককে ইচ্ছাকৃতভাবে “ঘুরিয়ে–পেঁচিয়ে প্রশ্ন করা হয়েছে”, তাই এআই অতিরঞ্জিত প্রশংসা করেছে। নিজের সম্পর্কেও কিছু আত্মসমালোচনামূলক মন্তব্য করেন তিনি। পরে এসব বিতর্কিত উত্তর এক্স থেকে সরিয়ে ফেলা হয়।
তবে সবক্ষেত্রেই যে গ্রোক মাস্ককে সেরা বলছে তা নয়। দৌড়, জিমন্যাস্টিকস বা গানের মতো বিষয়ে এআইটি নোয়া লাইস, সিমোন বাইলস এবং বিয়নসেকে মাস্কের চেয়ে শ্রেষ্ঠ বলেছে।
সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে বেসবল সংক্রান্ত উত্তরগুলো। মেজর লিগের তারকা শোহেই ওতানি ছাড়া প্রায় সব খেলোয়াড়ের জায়গায় গ্রোক মাস্ককে “ভালো পছন্দ” হিসেবে উল্লেখ করেছে। তরীক স্কুবাল, জ্যাক হুইলার বা পল স্কেনস— যে নামই আসুক, গ্রোকের যুক্তি প্রায় এক— মাস্কের উদ্ভাবনী ক্ষমতা নাকি মাঠেও “খেলার নিয়ম বদলে দিতে” পারে।
তবে ওতানিকে নিয়ে গ্রোকের মত ভিন্ন— “নবম ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট করতে গেলে শোহেই ওতানি নিঃসন্দেহে সেরা।”
বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা আবারও প্রমাণ করে কৃত্রিম বুদ্ধিমত্তায় পক্ষপাত বা বায়াস এখনও বড় চ্যালেঞ্জ। নির্মাতার প্রভাব, প্রশিক্ষণ ডেটার সমস্যা বা ডিজাইনের ভুল— যেকোনো কারণে এআই নির্দিষ্ট ব্যক্তিকে অস্বাভাবিকভাবে প্রাধান্য দিতে পারে।
তথ্য প্রযুক্তি সব খবর















