ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
সিভয়েস২৪ ডেস্ক
সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে। এতে জিমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইয়াহু মেইল, নেটফ্লিক্স, আউটলুক, আইক্লাউড মেইল এবং টিকটকসহ নানা জনপ্রিয় সেবার অ্যাকাউন্টের তথ্য রয়েছে।
সাইবার নিরাপত্তা গবেষক জেরেমায়া ফাওলার এই ৯৬ গিগাবাইটের ডাটাবেজ খুঁজে পান। ডাটাবেজটি পুরোপুরি উন্মুক্ত ছিল—কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন ছাড়াই। এতে ছিল ইমেইল ঠিকানা, ইউজারনেম, সরাসরি পাসওয়ার্ড এবং লগইন লিংক।
গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি তথ্য ছিল ইমেইল অ্যাকাউন্টের। আনুমানিক হিসাবে— জিমেইল: ৪৮ মিলিয়ন, ফেসবুক: ১৭ মিলিয়ন, ইনস্টাগ্রাম: ৬.৫ মিলিয়ন, ইয়াহু মেইল: ৪ মিলিয়ন, নেটফ্লিক্স: ৩.৪ মিলিয়ন, আউটলুক: ১.৫ মিলিয়ন, আইক্লাউড মেইল: ৯ লাখ এবং টিকটক: ৭.৮ লাখ।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, এটি গুগল বা মেটার সার্ভারে হ্যাক নয়, বরং ব্যবহারকারীর ডিভাইসে ঢুকে পড়া ‘ইনফোস্টিলার’ ম্যালওয়্যার’র মাধ্যমে দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।
তারা সতর্ক করেছেন, একটি ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করলে অন্যান্য অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়ে, কারণ অধিকাংশ সেবার পাসওয়ার্ড রিসেট লিংক ইমেইলে আসে। ব্যাংক, সোশ্যাল মিডিয়া, স্বাস্থ্যসেবা—সবকিছু হাতছাড়া হতে পারে।
নিজেকে সুরক্ষিত রাখার জন্য সফটওয়্যার নিয়মিত আপডেট, প্রতিটি অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, পাসকি বা ২-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, সন্দেহজনক লিংক ও অ্যাটাচমেন্ট এড়িয়ে চলা এবং নিয়মিত অ্যান্টিভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, বড় কোম্পানির সার্ভার শক্ত হলেও ব্যবহারকারীর ডিভাইস দুর্বল হলে ঝুঁকি থেকে যায়। তাই ব্যক্তিগত সাইবার সচেতনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।
তথ্য প্রযুক্তি সব খবর















