দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেট গতিতে বড় চমক
সিভয়েস২৪ ডেস্ক
ডিজিটাল সেবার মান আরও উন্নত করতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গ্রাহকদের মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখে বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে প্রতিষ্ঠানটি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদাহরণস্বরূপ, ৩৯৯ টাকার ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। ৫০০ টাকার ১২ এমবিপিএস প্যাকেজের গতি বাড়িয়ে ২৫ এমবিপিএস, ৮০০ টাকার ১৫ এমবিপিএস প্যাকেজের গতি বাড়িয়ে ৫০ এমবিপিএস, এবং ১৭০০ টাকার ৫০ এমবিপিএস প্যাকেজের গতি হয়েছে ১৭০ এমবিপিএস।
বিটিসিএল আশা করছে, এই গতি বৃদ্ধির ফলে গ্রাহকরা আগের খরচে আরও দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি অনলাইন শিক্ষা, অফিস কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং অন্যান্য স্মার্ট সেবা ব্যবহারে নতুন গতি যোগ করবে।
বিটিসিএল কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে এবং ভবিষ্যতেও গ্রাহকবান্ধব পদক্ষেপ অব্যাহত থাকবে।
তথ্য প্রযুক্তি সব খবর















