তরুণের ডিজিটাল প্ল্যাটফর্ম, এক ক্লিকেই জানুন তেলের আপডেট
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
মাত্র এক ক্লিকেই জানা যাচ্ছে বিভিন্ন ফিলিং স্টেশনে (পেট্রোল পাম্প) তেলের সর্বশেষ অবস্থা। কোন পাম্পে তেল রয়েছে, কোথায় সরবরাহ চলছে বা কোথায় সম্পূর্ণ শেষ - এসব তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারছেন ব্যবহারকারীরা। এমন অভিনব ডিজিটাল প্ল্যাটফর্মটি নিয়ে এসেছেন চট্টগ্রামের ফটিকছড়ির উদ্যোক্তা ইনজামাম অপু।
বৈশ্বিক জ্বালানি সংকটে প্রযুক্তিনির্ভর এ অভিনব উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ নামে একটি কার্যকর ওয়েবসাইট তৈরি করেছেন এই তরুণ উদ্যোক্তা।
ইনজামাম অপু জানান, স্থানীয় মানুষের দুর্ভোগ বিবেচনায় ব্যক্তিগত উদ্যোগ এবং ‘ফটিকছড়ি ডট কম’-এর কারিগরি সহযোগিতায় এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন। ইতোমধ্যে হাজারো মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে উপকৃত হচ্ছেন।
ব্যবহারকারীরা http://fuel.fatikchhari.com এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারবেন, কোন পাম্পে এখন তেল পাওয়া যাচ্ছে এবং কোথায় সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমার লক্ষ্য ছিল মানুষের সময় বাঁচানো এবং অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো। প্রযুক্তির মাধ্যমে সহজেই যদি তথ্য দেওয়া যায়, তাহলে মানুষ অনেক উপকৃত হবে।’
জানা গেছে, এই উদ্যোগের ফলে পাম্পে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা কিংবা তেল না পেয়ে ফিরে আসার মতো ভোগান্তি অনেকাংশে কমেছে। এতে যেমন সময় ও শ্রম সাশ্রয় হচ্ছে, তেমনি জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলাও নিশ্চিত হচ্ছে।
ব্যবহারকারীরাও ইতোমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। বাইকার মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘এই প্রযুক্তির কারণে পাম্পে গিয়ে অপেক্ষা করার আগে ঘরে বসেই সিদ্ধান্ত নেয়া যাচ্ছে। এতে সময় বাঁচছে, ভোগান্তিও কমছে। পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়বে।’
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। সাধারণ মানুষ সহজেই তথ্য পাচ্ছেন, ফলে ভোগান্তি কমছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগকে সবসময় উৎসাহ ও সহযোগিতা করে থাকি।’
ভুক্তভোগীরা জানান, এ উদ্যোগটি শুধু ফটিকছড়ি নয়, জাতীয় পর্যায়ও এটি অনুকরণীয় মডেল হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সহজেই তথ্য দেওয়া গেলে, জনগণের জীবনযাত্রা আরও সহজ এবং ঝামেলা মুক্ত হতে পারে।
তথ্য প্রযুক্তি সব খবর















