Cvoice24.com

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়ম, সিডিএতে দুদকের অভিযান

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:২৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়ম, সিডিএতে দুদকের অভিযান

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়–১ এর চার সদস্যের একটি টিম সিডিএ ভবনে এ অভিযান পরিচালনা করছে। অভিযান চলমান থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। 

সিডিএ সূত্রে জানা গেছে, সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজিব দাশের কক্ষে দুদক কর্মকর্তারা নথিপত্র যাচাই-বাছাই করছেন। 

দুদক সূত্রে জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে সিডিএতে অভিযান পরিচালনার বিষয়ে গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কাজ করছে বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের র‍্যাঙ্কিন। এ প্রকল্পের অভিযোগ তদন্ত এবং নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ে গত বছরের ১০ জুন উপকমিটি গঠন করে দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পরবর্তীতে গত বছরের ৪ জুলাই গঠিত উপকমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ও মজিবুর রহমান মনজু পরিদর্শন শেষে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি 'কিছু অসঙ্গতি' পাওয়ার কথা জানিয়েছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর