Cvoice24.com

শাহপরীরদ্বীপে রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১৩

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:১৪, ৩১ জুলাই ২০২৬
শাহপরীরদ্বীপে রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া উপকূলে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করলেও নৌকার মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও আরাকান আর্মির (এএ) মধ্যে চলমান সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে কয়েকজন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের বহনকারী নৌকাটি শাহপরীরদ্বীপ উপকূলের অদূরে ডুবে যায়।

তিনি বলেন, খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। তবে এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় জেলে মো. ইসমাইল জানান, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন। নৌকাডুবির পর আশপাশে মাছ ধরায় নিয়োজিত জেলেরা নিজেদের ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন।

তিনি বলেন, ‘আমরা ১৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। কিন্তু এখনও ১৩ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই।’

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, শাহপরীরদ্বীপ এলাকায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৮ জন বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তারা কী কারণে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন, তাদের পরিচয় এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
 

কক্সবাজার সব খবর