সেই ক্রিং ক্রিং শব্দ ইট-পাথরের শহরে
মাহমুদ হাসান, সিভয়েস২৪
'ক্রিং ক্রিং' বেলের শব্দ শুনতেই খেলাধুলা রেখে ভো-দৌঁড় মায়ের কাছে। দু'টাকার আবদারে মন গলে যেতো মায়েরও। আঁচলের গিঁট খুলে হাতে দিতেই ছুট বাড়ির উঠোন পানে। এরপর আইসক্রিমওয়ালার কাছ থেকে নারকেল-দুধে তৈরি আইসক্রিম কিনে স্বাদ নেওয়াতেই যেন ছিল রাজ্যের স্বস্তি। তবে, আজকাল আধুনিকতার ভিড়ে চাপা পড়ে গেছে শৈশবের সেসব অমলিন স্মৃতি। কানে আসে না আইসক্রিমওয়ালার সেই 'ক্রিং ক্রিং' শব্দও।
কিন্তু সম্প্রতি চট্টগ্রামের কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় দেখা গেলো স্মৃতি বিজড়িত সেই দৃশ্য। তবে শিশু-কিশোর নয়, ওই আইসক্রিমওয়ালার ক্রেতা তাবদাহে ক্লান্ত কর্মজীবী মানুষ। যাদের অধিকাংশ বয়সে তরুণ কিংবা যুবক।
সরেজমিনে দেখা গেছে, কাঁধে ফ্রিজ সদৃশ বক্স ঝুলিয়ে 'ক্রিং ক্রিং' শব্দে 'এই আইসক্রিম' ডাক হাঁকছিলেন একজন আইসক্রিমওয়ালা। তখনও দুপুরবেলার তপ্ত রোধ ভর করে আছে পথচারীদের মাথায়। তাই কর্মজীবীরা ছুটে যান তার দিকে। তবে সেই দুই টাকার 'বেবি আইসক্রিমের' দাম বেড়েছে পাঁচগুণ।
বিক্রির এক ফাঁকেই কথা হয় বিক্রেতার সাথে। তাঁর নাম হাবিবুল বশর। সিভয়েস২৪'কে জানালেন, প্রায় ১৬ বছর ধরে এই আইসক্রীম বিক্রি করছেন তিনি। আইসক্রিম বানানো হাতেখড়ি তার বাবার কাছে। স্ত্রী, সন্তান এবং বৃদ্ধা মা—এই চারজনের পরিবার তাঁর। থাকেন নগরের বহদ্দারহাট এলাকার কালামিয়ার বাজারে।
বর্তমানে দৈনিক আয় কেমন—জানতে চাইলে ঠোঁটের কোনে মুচকি হাসি নিয়েই জবাব দিলেন, 'দৈনিক ১৫শ থেকে দুই হাজার টাকাও আয় হয়। কোনো কোনো টাইমে এর থেইকা বেশিও অয়। গরম বেশি পইড়লে আয় একটু বেশি অয়। আবার বৃষ্টি-বাদলার দিনে কাস্টমার খড়া থাকে। ওইসময় একটু কম অয়। এই আয় দিয়াই আমগো চারজনের সংসার চলে।'
আলাপচারিতার ফাঁকে হাবিবুল বশর জানালেন শৈশবের স্মৃতিবিজরিত এই আইস্ক্রিম তৈরির প্রণালীও। প্রথমে নারকেল, দুধ, বাদাম, পানি, লবন মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে সারারাত দেখে দেন ফ্যানের নিচে। তারপর একটি মেশিনের মাধ্যমে মোড়কজাত করে রাখেন ফ্রিজে। সকাল হলেই বেরিয়ে পড়েন বরফের খোঁজে। বরফ কিনে এনে বক্সে ঢুকিয়ে তার ওপর আইসক্রিম রেখে বেরিয়ে পড়েন নগরীর অলি-গলিতে।
শুধু নিউমার্কেট-কোতোয়ালী এলাকাতেই নয়, হাবিবুল বশর আইসক্রিম ফেরি করেন নগরের দুই নম্বর গেট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, নিউমার্কেট এলাকায় ঘুরে ঘুরে।
কথা শেষ হতেই উঠে দাঁড়ালেন হাবিবুর। নিজের গলায় বাঁধা গামছা দিয়ে কপাল মুছে ফের কাঁধে তুললেন আইসক্রিমের বক্স। এরপর হাঁটা শুরু 'এই আইসক্রিম' ডাক হেঁকে। একইসময়ে যেন কানে বেজে উঠলো 'পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়'...
ফিচার সব খবর















