Cvoice24.com

টমটমকে ওভারটেক করতে গিয়ে পথচারীকে ধাক্কা, প্রাণ গেল শিক্ষকের

চন্দনাইশ প্রতিনিধি
২৩:১০, ২৮ নভেম্বর ২০২৬
টমটমকে ওভারটেক করতে গিয়ে পথচারীকে ধাক্কা, প্রাণ গেল শিক্ষকের

চট্টগ্রামের চন্দনাইশে টমটমকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দিয়েছে একটি মাহিন্দ্রা গাড়ি। এতে মোহাম্মদ ইসহাক (৭২) নামের এক সাবেক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ শহীদ (৪৫) নামের এক টমটমচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার গাছবাড়িয়া-বরকল সড়কের পৌরসভার মিজ্জির দোকান এলাকার আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইসহাক চন্দনাইশ পৌরসভার মধ্যম চন্দনাইশের মিজ্জির দোকান এলাকার ফতেহ আলী সিকদার বাড়ির মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন। 

আহত টমটমচালক মোহাম্মদ শহীদ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম হাশিমপুর এলাকার মোহাম্মদ নুরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশ থেকে গাছবাড়িয়ার দিকে যাওয়ার পথে একটি মাহিন্দ্রা গাড়ি টমটমকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় সড়কের পাশে থাকা পথচারী ইসহাককে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। একই সময় টমটমটিও সড়কের পাশে পড়ে যায়। এতে চালক শহীদ আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদ ইসহাকের মৃত্যু হয়। আহত শহীদ বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ইসহাকের ছোট ভাই দানু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মাহিন্দ্রা ও টমটম গাড়ি দুটি জব্দ করেন।
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর