আনোয়ারায় রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ওয়াহিদ আলী চৌধুরীর বাজার এলাকায় এ মিছিল বের করা হয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে ২০ থেকে ৩০ জনের একটি দলকে বিভিন্ন স্লোগান দিয়ে বাজার এলাকায় মিছিল করতে দেখা যায়। তবে মিছিলটি কতক্ষণ স্থায়ী হয়েছিল, তা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, রাত ৯টার দিকে একটি দলকে বাজারের ভেতরে মিছিল করতে দেখা যায়। প্রায় এক মিনিটের মধ্যে তারা সেখান থেকে চলে যান।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। এটি কখনকার এবং কারা মিছিল করেছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হাইলধর গ্রামের মাবু আলীর টেক এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের চেষ্টাকে কেন্দ্র করে হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করার চেষ্টা করেন। এ খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়ার ঘটনা ঘটে।
ওসি জুনায়েত চৌধুরী বলেন, কয়েকজন বিএনপি নেতা মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় গেলে তাদের ওপর অতর্কিত হামলার চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














