Cvoice24.com

কাঁধে নিতে হয় যে মুলা, দাম ৪০০!

মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি
১৯:২০, ২৩ জানুয়ারি ২০২৫
কাঁধে নিতে হয় যে মুলা, দাম ৪০০!

এক একটি মুলা দুই থেকে তিন হাত পর্যন্ত লম্বা। ওজন প্রায় ৩ থেকে ১৫ কেজি। একটির দাম ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। আছে বিশেষ নামও। ভান্ডারী মুলা নামে পরিচিত এই মুলার ভার হাতে সামলানো কঠিন।

ফটিকছড়িতে মাইজভাণ্ডার দরবার শরীফের ওরশ ঘিরে এসব মুলার চাষ হয়। মাইজভান্ডার শরীফ এলাকার মুলা সবজি হিসেবে এবং হযরত গাউছুল আজম মাইজভান্ডারীর (ক.) দরবারে মাংস মুলা তবরুকের বিশেষ প্রচলন থাকায় নিয়ত করে এই মুলা নিয়ে যায় ভক্তরা। 

সরেজমিনে দেখা গেছে, প্রতিবছরের মতো এ বছরও মাঘের মেলায় এসেছে প্রচুর জাপনী মুলা। যারা মেলায় এসেছেন প্রায় সবাই মুলা হাতে-কাঁধে করে মুলা নিয়ে যাচ্ছেন।

মুলা ক্রেতা মোহাম্মদ এয়াকুব বলেন, প্রতি বছর ওরশ শরীফে আসলে মুলা নিয়ে যাই। মুলাগুলো খেতে অনেক ভালো। স্বজনরা বলে দেয় মুলা নিয়ে যাওয়ার জন্য।

মোহাম্মদ আনোয়ার হোসেন নামে আরেকজন বলেন, মাইজভাণ্ডার শরীফের মুলা হিসেবে প্রতি বছরই ওরশ শরীফে আসলে নিয়ে যাই এবং এ মুলা নিয়ত করে আমরা খাই। আত্বীয়-স্বজনদের মাঝে বিলি করি।

বিক্রেতা মোহাম্মদ আজিজ বলেন, আমরা সারা বছরই আশা থাকি ১০ মাঘের মেলার জন্য। কারণ মেলায় মুলা ভাল বিক্রি হয়। এ বছর গতববারের তুলনায় দ্বিগুণ মূলা নিয়ে এসেছি। 

উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, চরের মাটি খুবই উর্বর এবং উৎপাদিত ফসল অত্যন্ত পুষ্টিকর। চলতি বছর ভাণ্ডারী মূলার ভাল ফলন হয়েছে।