উখিয়ায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল এলাকায় পরিচালিত বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। সোমবার সকালে এ অভিযান চালানো হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার সার্বিক নির্দেশনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্টরা জানান, কারেন্ট জাল ব্যবহারের মাধ্যমে নির্বিচারে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন হওয়ায় মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের অভিযান মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করতে বিশেষ কম্বিং অপারেশন ধারাবাহিকভাবে পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মৎস্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
কক্সবাজার সব খবর















