Cvoice24.com

রিয়াজউদ্দিন বাজারে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

সিভয়েস২৪ ডেস্ক
১২:৪০, ১১ আগস্ট ২০২৬
রিয়াজউদ্দিন বাজারে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট আমদানি, মজুত ও বিক্রি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়।

র‍্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, অভিযানে ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

তিনি জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এসব সিগারেটের অবৈধ আমদানি, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।