সাতকানিয়ায় ৬ বস্তা চোলাই মদে আগুন দিল জনতা, গ্রেপ্তার ৩
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ছয় বস্তা দেশীয় চোলাই মদ উদ্ধারের পর তাতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় মদ পরিবহনের অভিযোগে তিনজনকে মারধর করা হয়। পরে তাদের গ্রেপ্তার ও মদ পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান থেকে কেরানীহাটের দিকে যাচ্ছিল দুটি সিএনজিচালিত অটোরিকশা। বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বড়দুয়ারা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা থেকে ‘ডাকাত, অপহরণ করে নিয়ে যাচ্ছে’ বলে চিৎকার শোনা যায়। বিষয়টি শুনে স্থানীয় কয়েকজন যুবক ও গ্রাম পুলিশ মো. মহিউদ্দিন দুটি মোটরসাইকেলে অটোরিকশা দুটির পিছু নেন।
পরে অটোরিকশা দুটি দস্তিদারহাট হয়ে ছদাহা সড়কের মিঠাদিঘী এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন একটি অটোরিকশা আটক করেন। এতে তল্লাশি চালিয়ে প্রায় ছয় বস্তা দেশীয় চোলাই মদ পাওয়া যায়। এরপর অটোরিকশায় থাকা তিনজনকে মারধর করেন উত্তেজিত লোকজন।
খবর পেয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ তিনজনকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের অন্যত্র সরিয়ে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আরিফুল ইসলাম একজন কনস্টেবলকে মদের বস্তাগুলোর পাহারায় রেখে তিনজনকে উদ্ধারে যান। এ সময় উত্তেজিত জনতা ওই কনস্টেবলকে সরিয়ে দিয়ে মদের বস্তায় আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থলে যান। তিনি উত্তেজিত লোকজনকে শান্ত করেন। পরে পুলিশ কিছু চোলাই মদ উদ্ধার করে। একই সময়ে এসআই আরিফুল ইসলাম পাশের একটি এলাকা থেকে তিনজনকে উদ্ধার করে হেফাজতে নেন।
এসআই আরিফুল ইসলাম বলেন, উত্তেজিত লোকজন প্রথমে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাদের উদ্ধারে তিনি অন্যদিকে গেলে মদের বস্তায় আগুন দেওয়া হয়। তিনজনকে আটক করা হয়েছে এবং কিছু চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।
বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মহিউদ্দিন বলেন, চিৎকার শুনে তারা অটোরিকশা দুটির পিছু নিয়েছিলেন। পরে জানতে পারেন, পেছনের অটোরিকশায় থাকা লোকজন মদবাহী অটোরিকশা থেকে মদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সেই চেষ্টা ব্যর্থ হয়ে পরিস্থিতি অন্যদিকে নিতে ‘ডাকাত, অপহরণ’ বলে চিৎকার করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘তিনজনকে গ্রেপ্তারের খবর শুনেছি। তবে কত পরিমাণ মদ জব্দ হয়েছে এবং জনতা মদে আগুন দেওয়ার বিষয়ে বিস্তারিত বলতে পারবেন ঘটনাস্থলে থাকা এসআই আরিফুল ইসলাম।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














