Cvoice24.com

বায়েজিদে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজারে গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৩:৪৩, ১১ আগস্ট ২০২৬
বায়েজিদে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজারে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার সদর থানার হোটেল-মোটেল জোন এলাকার বাগান বাড়ি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জিয়াবুল হক কক্সবাজার সদর থানার হোটেল-মোটেল জোন এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। যাবজ্জীবন সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তার জিয়াবুল হক চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফীন নগর এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, জিয়াবুল হককে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।