Cvoice24.com

স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন
এমভি সিএনসি ইউরেনাসকে ১ কোটি টাকা জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:০০, ১১ আগস্ট ২০২৬
এমভি সিএনসি ইউরেনাসকে ১ কোটি টাকা জরিমানা

স্টিয়ারিং গিয়ারের ত্রুটির তথ্য গোপন করে চট্টগ্রাম বন্দরে প্রবেশের ঘটনায় এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে ১ কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট বাবদ আরও ১৫ লাখ টাকা দিতে বলা হয়েছে। সব মিলিয়ে বন্দর তহবিলে ১ কোটি ১৫ লাখ টাকা জমা দিতে হবে।

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বন্দর সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট এমভি সিএনসি ইউরেনাস জাহাজটি বার্থিংয়ের উদ্দেশ্যে বন্দরে প্রবেশের সময় আইএসএম কোড অনুযায়ী পাইলটদের দেওয়া তথ্যপত্রে ত্রুটির বিষয়টি উল্লেখ করা হয়নি। পরে বন্দরের চ্যানেলে প্রবেশের ঠিক আগে জাহাজের মাস্টার পাইলটদের ত্রুটির বিষয়টি জানান এবং ডিএনভি ক্লাস কর্তৃক ইস্যু করা সনদ হস্তান্তর করেন।

বন্দর কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, জাহাজের ত্রুটি ও এ কারণে আরোপিত সীমাবদ্ধতার তথ্য গোপন রেখে জাহাজ পরিচালনা করায় বন্দর, জাহাজ, পাইলট, বন্দর স্থাপনা ও অন্যান্য নৌযানের নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ কারণে জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে।

জরিমানার ১ কোটি টাকার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মোট ১ কোটি ১৫ লাখ টাকা দ্রুত বন্দর তহবিলে জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের চ্যানেলে প্রবেশের সময় স্টিয়ারিং সিস্টেমে ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় এমভি সিএনসি ইউরেনাস। এ সময় জাহাজটি একটি নেভিগেশন বয়া ও রিটেইনিং ওয়ালে ধাক্কা খেয়ে আটকে যায়। পরে রাতভর উদ্ধার অভিযান চালিয়ে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।