Cvoice24.com

শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুর দায় মালিকপক্ষ ও সরকারকে নিতে হবে : সিপিবি

সিভয়েস২৪ ডেস্ক
১২:৪০, ১৫ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুর দায় মালিকপক্ষ ও সরকারকে নিতে হবে : সিপিবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে ৮ শ্রমিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখা। একই সঙ্গে শিপইয়ার্ডে একের পর এক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর জন্য মালিকপক্ষ ও সরকারের গাফিলতির তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড অশোক সাহা, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর, সীতাকুণ্ড উপজেলা পার্টির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী বলেন, জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি দীর্ঘদিনের সমস্যা হলেও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব, বিষাক্ত গ্যাস পরীক্ষা না করে জাহাজে শ্রমিক প্রবেশ করানো, বিস্ফোরণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। কঠোর আইন ও নীতিমালা থাকলেও মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও নজরদারির অভাব এবং মালিকপক্ষের প্রভাবের কারণে তা যথাযথভাবে কার্যকর হচ্ছে না।

নেতারা বলেন, সরকার পরিবর্তন হলেও শিপইয়ার্ডের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। দুর্ঘটনায় শ্রমিক নিহত বা আহত হওয়ার পর ক্ষতিপূরণ নিয়েও নানা টালবাহানা চলে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও মালিকপক্ষের প্রভাবে অনেক পরিবার ন্যায্য ক্ষতিপূরণ ও বিচার থেকে বঞ্চিত হয়। অথচ একজন শ্রমিকের প্রাণের বিনিময়ে দেওয়া সামান্য অর্থ কোনো পরিবারের দীর্ঘমেয়াদি জীবনযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

বিবৃতিতে সিপিবি নেতারা নিহত শ্রমিকদের পরিবারকে দ্রুত ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং শিপইয়ার্ডে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় এনে শিপইয়ার্ডগুলোতে কঠোর সরকারি নজরদারি ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।