Cvoice24.com

নেশা করে পুকুরে নেমেছিলেন সেলিম, আর উঠতে পারেননি

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:৩৩, ১৫ আগস্ট ২০২৬
নেশা করে পুকুরে নেমেছিলেন সেলিম, আর উঠতে পারেননি

নেশা করে পুকুরে নেমেছিলেন সেলিম। এরপর আর পুকুর থেকে উঠতে পারেননি তিনি। শনিবার (১৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকার চট্টেশ্বরী গায়েবি মসজিদসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় পুকুরপাড়ে একটি লুঙ্গি ও সাবান পাওয়া গেছে। এসব দেখে ধারণা করা হচ্ছে, সেলিম গোসল করতে পুকুরে নেমেছিলেন। একপর্যায়ে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ বলেন, পুকুরপাড়ে লুঙ্গি ও সাবান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গোসল করতে পুকুরে নেমেই সেলিম পানিতে তলিয়ে যান।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, নিহত সেলিমের বয়স ৩২ থেকে ৩৫ বছর। তার পরিবার থানায় এসে পরিচয় শনাক্ত করেছে।

ওসি বলেন, ‘পরিবার সূত্রে জানা গেছে, সেলিম নেশা করতেন। নেশা করেই তিনি পুকুরে নেমেছেন। পরে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’