হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় স্বাগত জুলুস অনুষ্ঠিত
সিভয়েস২৪ ডেস্ক
পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের আগমন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটি বাংলাদেশের হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত জুলুসটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনসা-বাদামতল এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি কে. এম. আকতার হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন।
বর্ণাঢ্য এ স্বাগত জুলুসে প্রধান অতিথি ছিলেন পশ্চিম পটিয়া শাখার সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল হারুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম পটিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম পটিয়া শাখার সহ-সাধারণ সম্পাদক কাজী মোরশেদ আলম চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, উপদেষ্টা মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন, সহ-সভাপতি মুহাম্মদ সেকান্দর সাগর এবং সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান সাজু।
জুলুস শেষে দরুদ-কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন গাউসিয়া কমিটির উপদেষ্টা মাওলানা নুর হোসেন হেলালী।
জুলুসে ইউনিয়ন গাউসিয়া কমিটির সম্মানিত উপদেষ্টামণ্ডলী এবং ইউনিয়ন শাখার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














