এসএসসি উত্তীর্ণদের শিক্ষা সামগ্রী বিতরণ
চন্দনাইশে মাদকের বিরুদ্ধে তরুণ ও অভিভাবকদের শপথ
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
সামাজিক অপরাধ ও মাদকের ভয়াবহতা রোধে তরুণ ও অভিভাবকদের ভূমিকা নিয়ে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছৈয়দ মোহাম্মদ পাড়া সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের বিরুদ্ধে শপথ নেন উপস্থিত তরুণ ও অভিভাবকেরা।
শনিবার (১৫ আগস্ট) রাতে ছৈয়দ মোহাম্মদ পাড়া শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একই অনুষ্ঠানে এলাকার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সমাজসেবক বদিউল আলম সওদাগরের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য এমদাদ হোসাইন মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠক মোহাম্মদ মামুন, প্রবাসী মোহাম্মদ শরীফজ্জামান, মোহাম্মদ আবদুর রহিম সওদাগর, আরিফ মিয়া, দেলোয়ার হোসেন সওদাগর, মিজানুর রহমান, ইমতিয়াজ, রবিউল হোসেন, জোবাইদুল ইসলাম টিপু, ওয়াহিদ, শাহীন, রুবেলসহ অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। মাদক তরুণদের মেধা ও সৃজনশীলতা ধ্বংস করার পাশাপাশি সামাজিক অবক্ষয় ও পারিবারিক অশান্তি বাড়াচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে মুক্ত করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তারা বলেন, মাদকাসক্ত হয়ে অনেক সন্তান বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে এবং তাদের জিম্মি করে অর্থ-সম্পদ নেওয়ার মতো ঘটনাও ঘটছে। মাদকের বিস্তারের কারণে কিশোর গ্যাংয়ের জন্ম হচ্ছে। নেশাগ্রস্ত কিশোর-তরুণরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।
বক্তারা আরও বলেন, সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবারকে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ, সাংস্কৃতিক সংগঠন ও ক্লাবগুলোকে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদক নির্মূল করা সম্ভব।
তরুণদের উদ্দেশে বক্তারা বলেন, মাদকের পরিবর্তে খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতে হবে। ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে একটি মাদকমুক্ত গ্রাম, সমাজ ও দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন পরিবারের নারী-পুরুষ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














