Cvoice24.com

চট্টগ্রাম বন্দরের শিপিং চ্যানেলে অভিযান, জব্দ ১৫ হাজার মিটার অবৈধ জাল

সিভয়েস প্রতিবেদক
১৯:২৪, ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বন্দরের শিপিং চ্যানেলে অভিযান, জব্দ ১৫ হাজার মিটার অবৈধ জাল

চট্টগ্রাম বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেল ও আউটার অ্যাংকরেজে নৌ-চলাচল নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রবিবার (১৬ আগস্ট) সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কর্ণফুলী চ্যানেল ও বহিঃনোঙর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে শিপিং চ্যানেল থেকে ২২টি টং জাল ও প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জালসহ বিপুল পরিমাণ অবৈধ জালের সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়, যা জাহাজ চলাচলে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘বিএলভি লুসাই’ ও ‘কাণ্ডারী-৮’ জাহাজ এবং চারটি দেশীয় বোটের সমন্বয়ে মূল শিপিং চ্যানেল ও আউটার অ্যাংকরেজে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং নৌ-চলাচল রুট ও চ্যানেলে পুনরায় জাল না ফেলার জন্য সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের কঠোরভাবে সতর্ক করা হয়। এ কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা দেয় বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোট। বৈরী আবহাওয়া সত্ত্বেও নিরবচ্ছিন্নভাবেই এই অভিযান পরিচালনা করে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর এলাকায় নিরাপদ নেভিগেশনাল সেফটি বজায় রাখা এবং যেকোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করতে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।