Cvoice24.com

চট্টগ্রামে চোরাই স্বর্ণসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

সিভয়েস প্রতিবেদক
১৯:৩৫, ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্বর্ণসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

নগরের চকবাজারে বাসার তালা ভেঙে স্বর্ণালংকার চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজারের একটি জুয়েলারি দোকান থেকে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি ১২টি আংটি, ৬ জোড়া কানের দুল ও দুটি চেইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে মামলার তথ্য থেকে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- মো. রহমত ওরফে হাসান (২৯) ও সাজ্জাদ হোসেন ওরফে অর্পূ (২৭)।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই বিকেল ৫টার মধ্যে যেকোনো সময়ে চকবাজার থানাধীন ডিসি রোডের কালাম কলোনির হক ম্যানশনের একটি বাসায় চুরি হয়। বাসায় কেউ না থাকার সুযোগে চোরচক্রের সদস্যরা প্রধান দরজার তালার হুক ভেঙে ভেতরে ঢুকে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় চকবাজার থানায় মামলা করা হয়।

চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. গিয়াস উদ্দিন বলেন, 'মামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকার শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। পরে ফুটেজ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রহমত ও সাজ্জাদকে শনাক্ত করা হয়। তারা মোটরসাইকেলে এসে বাসার তালার হুক ভেঙে চুরি করে। গোপন তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।'

তিনি আরও বলেন, 'গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে নিয়ে হাটহাজারীর আমান বাজারের বিএন জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখানে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দোকান মালিকের উপস্থাপিত চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি ১২টি স্বর্ণের আংটি, ৬ জোড়া কানের দুল ও দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এ সময় রহমতের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক পাতা ও স্বর্ণ কেনাবেচার রেজিস্টারের এক পাতা জব্দ করা হয়।'

প্রাথমিক তদন্তের সূত্র দিয়ে তিনি বলেন, 'গ্রেপ্তার দুজন নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।'

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর