বন্দর টার্মিনাল ইজারা ঠেকাতে ৩১ আগস্ট পদযাত্রার ডাক, ১৭-৩০ আগস্ট চলবে জনসংযোগ কর্মসূচি
সিভয়েস২৪ প্রতিবেদক
বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল ইজারা না দেওয়ার দাবিতে আগামী ৩১ আগস্ট বন্দর অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক নাগরিক কনভেনশন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কনভেনশনে সিদ্ধান্ত হয়, আগামী ১৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জনসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সোমবার (৩১ আগস্ট) বারিক বিল্ডিং মোড় থেকে বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা করার ঘোষণা দেওয়া হয়।
কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক (ডা.) এম আবু সাঈদ বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। গুরুত্বপূর্ণ টার্মিনাল ইজারা দেওয়ার আগে এর অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থের জন্য প্রশ্ন তৈরি করতে পারে। এ বিষয়ে জনগণকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বন্দর রক্ষা কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম বন্দর জাতীয় সম্পদ এবং এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। এ দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
কনভেনশনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক, ছাত্র ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














