Cvoice24.com

ঝাউতলা বাজারে ভেজাল-মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিভয়েস প্রতিবেদক
১৯:৫১, ১৬ আগস্ট ২০২৬
ঝাউতলা বাজারে ভেজাল-মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের ঝাউতলা বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ঝাউতলা বাজারের বিসমিল্লাহ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অভিযোগে নাসির ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ইলিয়াস ব্রাদার্সকে ৬ হাজার টাকা এবং অননুমোদিত পণ্যসামগ্রী বিক্রির দায়ে নরু সওদাগর জেনারেল স্টোরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয় যৌথভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিমের সহায়তায় এই নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করে। এ সময় অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।