Cvoice24.com

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

সিভয়েস২৪ ডেস্ক
১০:২৬, ৮ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য— ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ১৯৬৫ সালের নভেম্বরে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। এরপর ১৯৬৬ সালে প্রথমবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালে প্রথমবার এ দিবস পালিত হয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, বরং মাতৃভাষায় পড়া, লেখা, অনুধাবন, যোগাযোগ ও গণনার পাশাপাশি দৈনন্দিন জীবনে জ্ঞান প্রয়োগের সক্ষমতা। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব অপরিসীম।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪) বলা হয়েছে, দেশের সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ, এখনও প্রায় ২২ শতাংশ মানুষ নিরক্ষর। তাদের বড় অংশ বিদ্যালয়বহির্ভূত শিশু, ঝরে পড়া শিক্ষার্থী এবং বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।

বিশেষজ্ঞদের মতে, এ জনগোষ্ঠীকে সাক্ষরজ্ঞান ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য জরুরি। সংবিধানে শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করার পাশাপাশি সরকার নিরক্ষরতা দূরীকরণেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।’

তিনি আরও বলেন, ‘প্রথাগত শিক্ষার পাশাপাশি ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ সবার জন্য—বিশেষ করে নারী, শিশু, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য—উন্মুক্ত রাখতে হবে। এ জন্য শিক্ষকদের ডিজিটাল প্রশিক্ষণ, শিক্ষার্থীদের হাতে প্রযুক্তি সরবরাহ এবং অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন তিনি।’

শিক্ষা সব খবর