পবিত্র রমজান
আজ থেকে বন্ধ সব স্কুল-কলেজ-মাদ্রাসা
সিভয়েস২৪ ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে। সংশোধিত সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়সহ কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকছে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংশোধিত তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি কার্যকর হয়েছে। এ ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী দু’দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-কর্মচারীরা টানা ছুটির সুযোগ পাবেন।
এর আগে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়েছে। মাদরাসাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। সব প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।
রমজান মাসজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছে।
শিক্ষা সব খবর















