Cvoice24.com

ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

সিভয়েস২৪ ডেস্ক
১৯:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব স্কুল-কলেজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই পরিচালিত হতে হবে। একই রাষ্ট্রে ভিন্ন পদ্ধতিতে শিক্ষা পরিচালনার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, অতীতে হেরিটেজ, সংস্কৃতি, ইতিহাস ও ধর্মীয় বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলা পিডিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে তখন ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা সম্ভব হয়নি।

‘এবার আমরা সে উদ্যোগ নেব। কীভাবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রেগুলেটরির আন্ডারে আনা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে,’ বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, Cambridge Assessment International Education ও British Council পারমিসেবল হলেও, তাদের কার্যক্রম কীভাবে সরকারের নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনা যায়, সে বিষয়েও ভবিষ্যতে উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, শিগগিরই কারিকুলাম বা পাঠ্যক্রম পর্যালোচনা করা হবে। যেখানে প্রয়োজন, সেখানে পরিমার্জন আনা হবে। এ জন্য কারিকুলাম বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয় সাধন এবং অভ্যন্তরীণ প্রস্তুতি গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ইংরেজি মাধ্যম শিক্ষাব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
 

শিক্ষা সব খবর